সর্বশেষ :

কাজের মানে আপস নয়, সময়মতো প্রকল্প শেষের তাগিদ এলজিইডির


গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬ । ৯:০১ অপরাহ্ণ
কাজের মানে আপস নয়, সময়মতো প্রকল্প শেষের তাগিদ এলজিইডির

গাজীপুরে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের গুণগত মান বজায় রাখা ও নির্ধারিত সময়ে কাজ শেষ করার বিষয়ে ঠিকাদার ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এলজিইডি গাজীপুর কার্যালয়ের প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দীকি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক।

সভায় সিনিয়র সহকারী প্রকৌশলী ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ জাকির হাসান, উপ-সহকারী প্রকৌশলী, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

ঠিকাদারদের পক্ষে মোহাম্মদ আরজু হোসেন ও মোহাম্মদ আনোয়ার হোসেন বক্তব্য দেন। তারা স্থানগত বাস্তবতা ও বন বিভাগ-সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণে উন্নয়ন প্রকল্পের কাজ ধীরগতিতে চলার বিষয়টি তুলে ধরেন।

জবাবে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক নির্মাণসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি গুণগত মানের সঙ্গে কোনো আপস না করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার তাগিদ দেন।

বন বিভাগসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ ও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সভায় গাজীপুরের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে কর্মকর্তা, প্রকৌশলী ও ঠিকাদাররা সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

বাংলাদেশের মানচিত্র