সর্বশেষ :

ইউএনজিএর কর্মসূচি শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬ । ৫:৫৬ অপরাহ্ণ
ইউএনজিএর কর্মসূচি শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণসহ চার দিনে ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার পর নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন উচ্চপর্যায়ের বহুপক্ষীয় বৈঠকে অংশ নেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্ক ত্যাগ করেন। পাঁচ দিনের সফরে ইউএনজিএর সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে তিনি বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার ও বৈশ্বিক ইস্যু তুলে ধরেন। পাশাপাশি বিশ্বনেতা, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ছিল ১১টি দ্বিপক্ষীয় বৈঠক, ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির বিষয় গুরুত্ব পায়।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেন। রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নিয়েও তিনি বিভিন্ন বৈঠকে আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং এর মধ্যে চারটিতে বক্তব্য দেন। এগুলোর মধ্যে ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

বাংলাদেশের মানচিত্র