সর্বশেষ :

অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে প্রশিক্ষণ পাচ্ছেন হাজারো শিক্ষক


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬ । ৮:২৯ অপরাহ্ণ
অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে প্রশিক্ষণ পাচ্ছেন হাজারো শিক্ষক

অধিভুক্ত কলেজগুলোতে অ্যাপ্লাইড আইসিটি কোর্সের পাঠদান আরও কার্যকর করতে ৯০০ জন মাস্টার ট্রেইনার তৈরির উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তাঁদের প্রশিক্ষণের জন্য ৯০ জন কোর ট্রেইনার প্রস্তুত করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রশিক্ষণ কার্যক্রমের রোলআউট পরিকল্পনা, সময়সূচি, প্রশিক্ষক নির্বাচন, বাজেট, প্রশিক্ষণ এলাকা নির্ধারণ ও অগ্রগতি পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণটি ব্লেন্ডেড লার্নিং পদ্ধতিতে পরিচালিত হবে। অনলাইন কোর্সের পাশাপাশি পাঁচ দিনব্যাপী সরাসরি প্রশিক্ষণ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, ইতোমধ্যে প্রথম বর্ষে ৯০ জন কোর ট্রেইনার ও ৮৪০ জন মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। এছাড়া ইন-হাউস প্রশিক্ষণের মাধ্যমে প্রায় ২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ২ হাজার ৫০০ শিক্ষককে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে।

অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অ্যাপ্লাইড আইসিটি কোর্সের পাঠদান আরও কার্যকর করতে শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ কলেজ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে।

সভায় ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস এবং শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের মানচিত্র