বাউবিতে গবেষণা ও উচ্চশিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে পিএইচডি সেমিনার
নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনে গবেষণায় গুরুত্বারোপ গাকৃবি ভিসির
শুধু শেখ হাসিনা নন, মামলার সব আসামিকেই ফেরত চাই
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিতের ওপর জোর গাসিকের
গাজীপুরে প্রকৌশলীদের সঙ্গে আইইবি সদর দপ্তর নেতৃবৃন্দের মতবিনিময়
গাজীপুরের ব্যবসায়ীদের নতুন কমিটির পরিচিতি সভা
জুলাইয়ের চেতনা হৃদয়ে ধারণের আহ্বান রাষ্ট্রপতির
জুলাইয়ের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে: ডুয়েট উপাচার্য
জুলাই শহিদদের স্মরণে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচি
গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের দাবি

দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত র্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ থেকে ৩০ আগস্ট দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। এরই ধারাবাহিকতায় গাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হওয়া র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষদীয় চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। শিক্ষার্থীদের হাতে মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন ছিল। কেউ মাঝির বেশে, কেউ মৎস্যজীবী, আবার কেউ গবেষকের ভূমিকায় অংশ নেন। তাঁদের স্লোগান ও প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
র্যালি শেষে মাৎস্যবিজ্ঞান অনুষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হক।
র্যালি ও পোনা অবমুক্তকরণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ নুরুন্নবী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের শুরুতে ট্রেজারার এবং অনুষদের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন বক্তব্য দেন। বক্তারা মাছের পুষ্টিগুণ, নিরাপদ মৎস্য উৎপাদন, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় মৎস্য খাতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য বিজ্ঞানীদের ভূমিকা অনস্বীকার্য।
তিনি বলেন, “মৎস্য খাত বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আমাদের লক্ষ্য হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য উৎপাদন।”
এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের আইওটি ও ন্যানো প্রযুক্তিভিত্তিক গবেষণা এবং উদ্ভাবনে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি।
উপাচার্য আরও বলেন, সরকার মৎস্য খাতকে অধিক গুরুত্ব দিয়েছে। এ কারণে এ বছর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিশোরগঞ্জের হাওর অঞ্চলে গিয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ দেশের মৎস্য খাতের উন্নয়নে জ্ঞান, গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখবে।
অনুষদীয় ডিনের সমাপনী বক্তব্যের পর মাৎস্যবিজ্ঞান অনুষদের জলাশয়ে উপাচার্যের সহযোগিতায় রুই, কালিবাউশ, মৃগেল, সরপুটিসহ বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির অংশ হিসেবে এর আগে ১৭ আগস্ট গাজীপুর জেলা মৎস্য অধিদপ্তর ও গাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের যৌথ উদ্যোগে অনুষদের সম্মেলন কক্ষে ‘মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাজীপুর জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় মৎস্য চাষি, উদ্যোক্তা এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এতে মাঠপর্যায়ের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :