সর্বশেষ :

মালয়েশিয়া সফর শেষে নাগরিক আচরণ ও আইন মানার সংস্কৃতি নিয়ে সালাহউদ্দিন আইউবী


বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬ । ১:০১ অপরাহ্ণ
মালয়েশিয়া সফর শেষে নাগরিক আচরণ ও আইন মানার সংস্কৃতি নিয়ে সালাহউদ্দিন আইউবী

সম্প্রতি গাজীপুরের কাপাসিয়ার সংসদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াত নেতা সালাহউদ্দিন আইউবী পাঁচ দিনের মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

সালাহউদ্দিন আইউবী তার সোস্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, কুয়ালালামপুর ও পুত্রজায়া  সড়ক, মানুষের আচরণ এবং নাগরিক শৃঙ্খলা গভীরভাবে ভাবিয়েছে।

তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে থেকে ব্যস্ত সড়ক পার হলেও একবারের জন্যও কোনো গাড়ির অপ্রয়োজনীয় হর্ন শুনতে পাননি। বিষয়টি তার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য মনে হয়েছে।

একজন গাড়িচালকের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন আইউবী জানান, ওই চালক ১৫ বছর ধরে গাড়ি চালাচ্ছেন। কৌতূহল থেকে তিনি জানতে চান, এই সময়ে কতবার হর্ন বাজাতে হয়েছে। জবাবে চালক বলেন, ‘প্রয়োজনই পড়েনি।’

এই অভিজ্ঞতার আলোকে সালাহউদ্দিন আইউবী বলেন, উন্নত দেশ মানে শুধু উঁচু দালান, চকচকে রাস্তা বা আধুনিক গাড়ি নয়; নাগরিকদের আইন মানা, নিজের অধিকার বোঝা এবং অন্যের অধিকারকে সম্মান করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

মালয়েশিয়া সফরে হাসপাতাল ও ক্লিনিকের দৃশ্যমানতা নিয়েও তার একটি পর্যবেক্ষণ রয়েছে। তিনি বলেন, পুরো শহর ঘুরে তুলনামূলকভাবে কম হাসপাতাল বা ক্লিনিক চোখে পড়েছে। তবে শুধু দৃশ্যমানতার ভিত্তিতে কোনো দেশের স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না বলেও তিনি উল্লেখ করেন।

সফরের অভিজ্ঞতা থেকে দেশে নাগরিক আচরণ, আইন মানার সংস্কৃতি ও পারস্পরিক সম্মানবোধের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আইউবীর ভাষায়, ‘দেশ বদলানোর আগে আমাদের নাগরিক আচরণ, আইন মানার সংস্কৃতি এবং একে অন্যের প্রতি সম্মানবোধটাও বদলাতে হবে।’

তিনি আরও বলেন, ‘সুন্দর শহর শুধু সরকার বানায় না—সুন্দর শহর তৈরি হয় সুন্দর নাগরিক দিয়ে।’

মালয়েশিয়া সফর শেষে ফেরার সময় সেখানকার সৌন্দর্যের পাশাপাশি নাগরিক শৃঙ্খলা ও সংস্কৃতির অভিজ্ঞতাই তার মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে বলে জানান তিনি।

বাংলাদেশের মানচিত্র

ভ্রমণ বিভাগের আরও খবর

আরও খবর