প্রকাশের সময় :
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করতে গিয়ে তার সঙ্গে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থর পারিবারিক সম্পর্কের প্রসঙ্গ তোলেন এক সাংবাদিক। জবাবে পার্থ বলেন, তিনি মন্ত্রণালয়ে বসেছেন নতুন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের আসামিদের ফেরত দেওয়ার বিষয়েও ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চেয়ে তিনি বলেন, কবে নাগাদ তথ্যমন্ত্রীর ‘আত্মীয়’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনা হবে?
জবাবে আন্দালিভ রহমান পার্থ বলেন, “আমি আগেও বলেছিলাম, আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, তার আত্মীয় হিসেবে নয়। আশা করি, আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন।”
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান সাংবাদিককে উদ্দেশ করে বলেন, তথ্যমন্ত্রী অতীতে কার সঙ্গে ছিলেন এবং কী করেছেন, সে বিষয়ে বিষয়গুলো স্পষ্টভাবেই প্রকাশিত হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তথ্যমন্ত্রী পার্থ বলেন, সাবেক সরকারের প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বিষয়ে কিছু শর্ত দেওয়া হয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়টি নাকি এখন আদালতের মাধ্যমে এগোতে পারে।
পার্থ বলেন, “উনি ওখানে গিয়েছিলেন একভাবে। কিন্তু ওই সরকার এখন রাজনৈতিকভাবে ওই দায়ভার নিতে চাচ্ছে না বলে বিষয়টি জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছে। আমার মনে হয়, এই সংবাদটা উনার জন্য খুব একটা সুখকর হবে না।”
শেখ হাসিনাসহ মামলার সব আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, “আমাদের দাবি একটাই—শুধু উনি কেন, প্রত্যেককেই আমরা ফেরত চাই। যাদের নামে মামলা, যাদের নামে সবকিছু আছে, তাদের সবাইকে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের অবস্থান থেকে সরকার চায়, জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগে সংঘটিত বিভিন্ন ঘটনার সঠিক বিচার নিশ্চিত হোক।
উল্লেখ্য, আন্দালিভ রহমান পার্থর বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জু এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। জাতীয় পার্টি বিভক্ত হওয়ার পর তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতৃত্ব দেন। ২০০৮ সালে তার মৃত্যুর পর দলের নেতৃত্ব গ্রহণ করেন পার্থ। পারিবারিক সূত্রে পার্থর সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক রয়েছে। তাঁর মা রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। এছাড়া পার্থর স্ত্রী শেখ সায়রা রহমান শেখ হেলাল উদ্দিনের বড় মেয়ে।
###
এন/২৫-২৬