, || - ||

প্রশাসক গোল্ডকাপে কাশিমপুরকে হারিয়ে পূবাইলের জয়

প্রশাসক গোল্ডকাপে কাশিমপুরকে হারিয়ে পূবাইলের জয়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় :

দর্শক-উন্মাদনা ও উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। উদ্বোধনী দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে অঞ্চল-০৮ (কাশিমপুর)কে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অঞ্চল-০২ (পূবাইল)।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাশিমপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে (গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠ) ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পূবাইল অঞ্চল।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানমের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

রোববার বিকেল ৩টায় টুর্নামেন্ট ও প্রথম ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার। এ সময় মাঠে উপস্থিত থেকে মাইকে খেলার ধারাভাষ্য ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রহিম খান খালা।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। দর্শনার্থীদের ভিড়ে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না থাকায় আশপাশের বিভিন্ন ভবনের ছাদেও অসংখ্য দর্শক দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, অঞ্চলভিত্তিক এ টুর্নামেন্টের পরবর্তী সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ গাজীপুরের বিভিন্ন স্টেডিয়াম ও কলেজ মাঠে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।