, || - ||

কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখুন, অননুমোদিত প্ল্যাটফর্মে লেনদেন নয়

কষ্টার্জিত অর্থ নিরাপদ রাখুন, অননুমোদিত প্ল্যাটফর্মে লেনদেন নয়
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

অনলাইনে দ্রুত লাভের আশায় বিনিয়োগ করতে গিয়ে বিপাকে পড়ার ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে ‘Crossmarket.ai’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধভাবে বিনিয়োগ সংগ্রহ ও আর্থিক লেনদেন পরিচালনার অভিযোগ সামনে আসায় সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, অনুমোদনহীন প্ল্যাটফর্মে অর্থ জমা বা লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদেরও আইনি ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ‘Crossmarket.ai’ প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধভাবে বিনিয়োগ গ্রহণ ও আর্থিক লেনদেন পরিচালিত হচ্ছে বলে তাদের দৃষ্টিগোচর হয়েছে। ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো প্ল্যাটফর্মে অর্থ জমা বা লেনদেন করা দণ্ডনীয় অপরাধ হতে পারে। এ অবস্থায় নিজেদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে ‘Crossmarket.ai’সহ এ ধরনের যেকোনো অবৈধ ও অননুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সাধারণ নাগরিকদের অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অননুমোদিত ঋণ অ্যাপ নিয়েও সতর্কতা

এর আগে মোবাইল অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন গ্রুপের মাধ্যমে পরিচালিত অনুমোদনবিহীন ঋণ কার্যক্রম নিয়েও সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। ২৭ আগস্ট ২০২৬-এর এক পরামর্শে কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের অ্যাপ ও প্ল্যাটফর্ম থেকে ঋণ না নেওয়ার আহ্বান জানায়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) দৃষ্টিগোচর হয়েছে, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম সহজ শর্তে ও দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এসব অ্যাপ ব্যবহারকারীদের ফোনে থাকা কন্টাক্টস, ছবি ও অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করে পরবর্তী সময়ে ঋণ আদায়ের নামে চাপ, ভয়ভীতি বা ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, লাইসেন্সবিহীন অনলাইন অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে ঋণ বা বিনিয়োগের প্রস্তাব গ্রহণ না করা এবং ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং পিন, পাসওয়ার্ড বা ওটিপির মতো সংবেদনশীল তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিএফআইইউ-এর নজরে ৩১ অননুমোদিত অ্যাপ

বিএফআইইউ-এর দৃষ্টিগোচর হওয়া অননুমোদিত অ্যাপগুলোর মধ্যে রয়েছে- সাথী লোন, পপক্যাশ, ফিনক্যাশ, কুইক লোন, কুইক টাকা, ঢাকা ফিন, লোনভাইব, দোস্ত লোন, টাকা ক্যাশ লোন, কেওয়ানজা লোন, এসএসএইচ মানি, লোনবাডি, সাথি লোন, ক্যাশহোরো, আলো ক্যাশ, ফাস্ট লোন, ইজি টাকা, ধৈর্য লোন, ফিন ডট ডু, বঙ্গক্যাশ, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, অনলাইন লোন বিডি, সিটি অনলাইন লোন, বিডি সহজ লোন, ক্যাশ লোন, সোনালী, লোনহাট ও টাকানাও।

গ্রাহকদের জন্য ৪ পরামর্শ

১. কোনো মোবাইল অ্যাপ, ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।
২. প্রতারণা ও মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অবৈধ ঋণ কার্যক্রমে যুক্ত হবেন না।
৩. অপরিচিত অ্যাপ বা প্ল্যাটফর্মে জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব বা ফোনের সংবেদনশীল তথ্য দেবেন না।
৪. ঋণ দেওয়ার নামে অগ্রিম অর্থ, প্রসেসিং ফি বা নিবন্ধন ফি চাওয়া হলে সতর্ক থাকুন।

এ ধরনের অননুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারিত হলে বা এ বিষয়ে কোনো তথ্য থাকলে বিএফআইইউতে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।