প্রকাশের সময় :
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তন, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নীতিসহ বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, নতুন সরকারের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে এটি ছিল প্রথম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। চারদিনের সফরে প্রধানমন্ত্রী সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার পাশাপাশি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
তিনি জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্রুত প্রত্যাবাসন, মিয়ানমারে সহিংসতা বন্ধ, পর্যাপ্ত মানবিক সহায়তা এবং মানবতাবিরোধী অপরাধের বিচার ও জবাবদিহির ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ ও সংঘাত মোকাবিলায় সংলাপ ও বহুপক্ষীয় কূটনীতির ওপর গুরুত্বারোপ করেন।
২৩ সেপ্টেম্বর জলবায়ু বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, মেটার সঙ্গে বৈঠকে প্রযুক্তি, এআই এবং সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে।
বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী বিমান কেনা হবে এবং এভিয়েশন হাব হিসেবে দেশকে গড়ে তুলতে মিশ্র বহর প্রয়োজন।