প্রকাশের সময় :
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দীর্ঘ ২২ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন টঙ্গীর শ্রমিক নেতা নুরুল আমিন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাগারের মূল ফটকে তাঁর স্বজন ও সমর্থকেরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
নুরুল আমিন টঙ্গী থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং টঙ্গী ন্যাশনাল ফ্যান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি।
কারামুক্তির পর নুরুল আমিন দাবি করেন, আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় তাঁকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছিল। এ ঘটনায় বিগত সরকার দীর্ঘ সময় ধরে তাঁর ওপর নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে এ ধরনের পরিস্থিতির শিকার হতে না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন নুরুল আমিন।
পরিবারের সদস্যরা জানান, জেল কোডের ৫৬৯ ধারার বিধান অনুযায়ী ২২ বছর কারাভোগের পর তাঁর মুক্তির আবেদন করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাই করে তাঁর মুক্তির অনুমোদন দেয়।