প্রকাশের সময় :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক পরিবারের কৃতী ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। দেশ গঠনে তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে- এ প্রত্যাশা করি।”
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায়ও এগিয়ে আসতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া একটি জাতি কাঙ্ক্ষিতভাবে এগিয়ে যেতে পারে না। দেশ গঠনে ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মু. ইলিয়াস মোল্লা এমপি, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. খলিলুর রহমান মাদানি ও সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, “আজ যারা মেধার স্বাক্ষর রেখে এখানে উপস্থিত হয়েছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ।” মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়ায় তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ উদ্যোগ একটি ব্যতিক্রমী আয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সবাইকে একসঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি বৈষম্যহীন সমাজ ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা জানান।
মোটিভেশনাল অতিথি হিসেবে বক্তব্য দেন ভিপি আবু সাদিক কায়েম ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। ভিপি আবু সাদিক কায়েম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আগামী দেশ গঠনে তোমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। আগামীর নেতৃত্ব মেধাবীরাই দেবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনর রশীদ, শ্রমিক নেতা কবির আহমেদ, মজিবুর রহমান, আলমগীর হোসেন, নুরুল আমীন, হাছিবুল হাসান হাসিব, আজহারুল ইসলাম, সোহেল রানা মিঠু, এইচ এম আতিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।