প্রকাশের সময় :
নাগরিকসেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি এবং গাজীপুর মহানগরীর টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক)। এ লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে গাসিকের ২১তম কর্পোরেশন সভা।
সোমবার (২৫ আগস্ট) গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সভায় পূর্ববর্তী কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ডিপিপি, রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পত্তি ব্যবস্থাপনা এবং নগর অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর এসব বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি উন্নয়নকাজ বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি কমিয়ে সিটি কর্পোরেশনের সেবাগুলো আরও দ্রুত, সহজ ও জনবান্ধব করার বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে গাসিক প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুর মহানগরীর উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। নগরবাসীর জীবনযাত্রার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় নাগরিকসেবা সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি বলেন, নগরবাসীর চাহিদা ও প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রশাসক আরও বলেন, “জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের সুফল সরাসরি নগরবাসীর কাছে পৌঁছাতে হবে। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং পারস্পরিক সমন্বয় অত্যন্ত জরুরি।”
তিনি বলেন, দ্রুত বিকাশমান গাজীপুর মহানগরীর ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে এখন থেকেই সুপরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও ড্রেনেজব্যবস্থা, স্বাস্থ্যসেবা, রাজস্ব ব্যবস্থাপনা এবং নগর সম্পত্তির সুষ্ঠু ব্যবহারে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, নাগরিকসেবার মান বাড়াতে কর্পোরেশনের প্রতিটি বিভাগকে সমন্বিত ও ফলাফলভিত্তিকভাবে কাজ করতে হবে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাযথ বাস্তবায়ন এবং নিয়মিত তদারকির মাধ্যমে নাগরিকদের কাছে সেবার সুফল পৌঁছে দেওয়া হবে।
তিনি বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থ, প্রকল্পের প্রয়োজনীয়তা, কারিগরি সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি সুফলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা, গুণগত মান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, গাজীপুরের মতো বৃহৎ মহানগরীর নাগরিকসেবা নিশ্চিত করতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন। নাগরিকদের প্রত্যাশা ও অভিযোগকে গুরুত্ব দিয়ে সেবাব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার চেষ্টা চলছে।
সভায় প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল বারেক, সচিব (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ আল মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা সানিউল কাদের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ, মোঃ লেহাজ উদ্দিন, মোঃ হাসিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্পের কার্যকর তদারকি এবং কর্পোরেশনের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ২১তম কর্পোরেশন সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে গাজীপুর মহানগরীর নাগরিকসেবা ও সার্বিক উন্নয়ন কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি আসবে।