, || - ||

গাজীপুরে প্রকৌশলীদের সঙ্গে আইইবি সদর দপ্তর নেতৃবৃন্দের মতবিনিময়

গাজীপুরে প্রকৌশলীদের সঙ্গে আইইবি সদর দপ্তর নেতৃবৃন্দের মতবিনিময়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশের সময় :

মেধা, প্রজ্ঞা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতাকে দেশের উন্নয়নে আরও কার্যকরভাবে কাজে লাগাতে প্রকৌশল খাতে সংস্কার, গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন আইইবি নেতৃবৃন্দ। গাজীপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে সর্বাত্মক সহযোগিতার কথাও তুলে ধরা হয়।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর এলজিইডি কনফারেন্স রুমে আইইবি সদর দপ্তরের নেতৃবৃন্দের সঙ্গে আইইবি গাজীপুর কেন্দ্রের প্রকৌশলীদের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন আইইবির ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল) ইঞ্জিনিয়ার খান মঞ্জুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) ইঞ্জিনিয়ার শেখ আল-আমিন, ভাইস প্রেসিডেন্ট (সেবা ও কল্যাণ) ইঞ্জিনিয়ার নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ইঞ্জিনিয়ার এটিএম তানভীর-উল-হাসান তমাল এবং এইচএজিএস (প্রশাসন ও অর্থ) ইঞ্জিনিয়ার আহসানুল রাসেল।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আইইবির এইচএজিএস (সেবা ও কল্যাণ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড এইচআরডি) ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল-মামুন, ঢাকা কেন্দ্রের অনারারি সেক্রেটারি ইঞ্জিনিয়ার একেএম আসাদুজ্জামান চুন্নু এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ হারুন আল রশীদ। এ সময় প্রকৌশলী ড. আহসান হাবীব পলাশ, প্রকৌশলী মোহাম্মদ আসাদুল হক, ড. হুমায়ুন কবির, প্রকৌশলী বারকিয়া খাতুন, প্রকৌশলী আবু খালেদ হাসান, প্রকৌশলী রাকিবুল হাসান রাকিব, প্রকৌশলী মাহমুদুল হাসানসহ আইইবির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আলোচকরা বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা তাদের মেধা, প্রজ্ঞা, শ্রম, দেশপ্রেম ও পেশাগত দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তির প্রসার এবং আধুনিক রাষ্ট্র বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা আরও কার্যকর করতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা জরুরি।

তারা বলেন, এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে প্রকৌশলীরা তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারবেন। এ ক্ষেত্রে উদ্ভাবন ও গবেষণার সুযোগ বৃদ্ধি, প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, দেশের প্রকৌশল খাতের টেকসই উন্নয়ন এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদারে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রকৌশলীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে আইইবির উদ্যোগ ভবিষ্যতে আরও বেগবান হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

###

এইচ/এম/হা-২৩-২৬