প্রকাশের সময় :
শব্দদূষণ নিয়ন্ত্রণে গাজীপুরে আগামী ১৫ দিনের মধ্যে ৫৫০টি বাসকে হাইড্রোলিক হর্নমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে পরিবহন মালিক ও গণপরিবহন চালকদের নিয়ে ‘গ্রিন ড্রাইভার’ ক্যাম্পেইনের মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
জেলা প্রশাসক বলেন, অপ্রয়োজনীয় হর্ন বন্ধে চালক-মালিকদের নেতৃত্ব দিতে হবে, প্রশাসন তাদের পাশে থাকবে। হাইড্রোলিক হর্নের পরিবর্তে সহনীয় মাত্রার হর্ন ব্যবহারের আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, গত এক থেকে দুই মাসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় ৯০০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। তবে শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতার মাধ্যমে হর্নের ব্যবহার কমানোই লক্ষ্য।
গাজীপুর শহরের ২ থেকে ৪ কিলোমিটার সড়ক নির্দিষ্ট চিহ্ন ও ব্যবস্থাপনার মাধ্যমে হর্নমুক্ত করার পরিকল্পনার কথাও জানান জেলা প্রশাসক। পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা, যত্রতত্র গাড়ি দাঁড় করানো বন্ধ এবং রিকশা-অটোরিকশা-মোটরসাইকেলের জন্য পৃথক লেন তৈরির উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এসএম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক, গাজীপুর পরিবহন মালিক সমিতির সদস্য ফরিদ হোসেন এবং পথের সাথী পরিবহনের চেয়ারম্যান জুনায়েদ হোসেন লিয়ন প্রমুখ।
সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর শিববাড়ি এলাকায় যানবাহনে শব্দদূষণবিরোধী ও সচেতনতামূলক স্টিকার লাগানোর কার্যক্রম পরিচালিত হয়।