, || - ||

গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

জাতীয় খেলা কাবাডির জনপ্রিয়তা ফিরিয়ে আনা এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার লক্ষ্যে গাজীপুরে শুরু হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ (অনূর্ধ্ব-২০)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম (বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (লোক তথ্য ও প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মোঃ হান্নান মিয়া হান্নু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ মোঃ শিবলি সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোজাম্মেল হোসেন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

উদ্বোধনী ম্যাচে কাপাসিয়া থানা অনূর্ধ্ব-২০ দল ও জয়দেবপুর থানা অনূর্ধ্ব-২০ দল অংশ নেয়। এ সময় স্টেডিয়ামজুড়ে খেলোয়াড়, পুলিশ কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জেলা পুলিশ জানায়, থানাভিত্তিক পর্যায় থেকে তরুণ খেলোয়াড়দের প্রতিযোগিতায় যুক্ত করার পাশাপাশি তাদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার গুণাবলি বিকাশে এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্য রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত কাবাডি প্রতিযোগিতা, প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করা গেলে বাংলাদেশের জাতীয় খেলাটিকে আবারও জনপ্রিয়তার ধারায় ফিরিয়ে আনা সম্ভব।

কমিউনিটি পুলিশিংয়ের সঙ্গে ক্রীড়া কার্যক্রমকে যুক্ত করে এ আয়োজন তরুণদের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি ইতিবাচক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।