প্রকাশের সময় :
শিক্ষকদের উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে সুযোগ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও উন্নয়ন গবেষক ড. আমানুল্লাহ। তিনি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকা জেলা পর্যায়ে ‘আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষার্থী সমাজকে এগিয়ে নিতে দক্ষ ও নিবেদিত শিক্ষকই সবচেয়ে বড় শক্তি। পাশাপাশি শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পাঠ্যবইয়ের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, বিতর্ক, সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‘লার্নিং উইথ হ্যাপিনেস’ দর্শনের লক্ষ্য শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি করা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা বলেও উল্লেখ করেন ড. আমানুল্লাহ।
প্রতিযোগিতায় জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় এবং পরবর্তীতে নির্বাচিত বিভাগীয় বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ নেবেন।
তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নওরীন সাজ্জাদ। উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরিচালক মোহাম্মদ শফিউল করিম, অধ্যাপক ড. ফকির রফিকুল আলম ও অধ্যাপক ড. আশেক কবির চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের প্রতিনিধিরা।
###