, || - ||

ডুয়েটে শিল্প ও একাডেমিয়ার সেতুবন্ধনে ‘কোলাবোরেটিভ ইভেন্ট’

ডুয়েটে শিল্প ও একাডেমিয়ার সেতুবন্ধনে ‘কোলাবোরেটিভ ইভেন্ট’
বার্তাবিডি ডেস্ক
প্রকাশের সময় :

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্পখাতে কার্যকরভাবে কাজে লাগাতে শিল্পপ্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট), গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেটিভ ইভেন্ট ২০২৬’।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন করা হয়। এতে শিল্পখাতের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে ‘স্ট্রেংথেনিং স্টার্ট-আপ, ইনোভেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর ও টেকসই সহযোগিতা প্রতিষ্ঠার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা।

প্রধান অতিথি বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণাকে বাস্তবমুখী ও বাজার উপযোগী করতে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন প্রয়োজন। তরুণ উদ্যোক্তা ও গবেষকদের উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে অর্থায়ন, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করা জরুরি।

ডুয়েটের উপাচার্য বলেন, শিল্পখাতের সঙ্গে সমন্বিত সহযোগিতা ছাড়া গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। এ কারণে ডুয়েট শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, ইন্টার্নশিপ ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সম্প্রসারণে কাজ করছে।

তিনি জানান, শিক্ষার্থীদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা এবং উদ্ভাবনী প্রকল্পকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর লক্ষ্যে ডুয়েটে আইসিটি ইনকিউবেটর নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়াতে নিয়মিত এ ধরনের আলোচনা আয়োজন করা হবে।

অনুষ্ঠানে ডুয়েটের গবেষণা ও উদ্ভাবন সুবিধা নিয়ে উপস্থাপনা দেওয়া হয়। পরে ‘দ্য ফিউচার অব ইয়ুথ ইন বাংলাদেশ ইন দ্য পার্সপেক্টিভ অব এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড সফট স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আয়োজনে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ডুয়েটের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।