, || - ||

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আবু ইউসুফ, স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :

দেশে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কোনাবাড়ী এলাকায় আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বাবুল হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে মানুষের বাক্‌স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ওই সময়ে বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারত থেকে উসকানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, এসব অপচেষ্টা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিএনপি প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশের মাটিতে তাদের কোনো ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

সমাবেশ থেকে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ মিছিলটি কোনাবাড়ী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিবাদ জানান।