প্রকাশের সময় :
দীর্ঘদিনের অচলাবস্থার পর গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ গঠনে আগামী ২৯ অক্টোবর ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে ১০০ জন সদস্য ভোট দেবেন।
রোববার (৪ অক্টোবর) নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা এবং নির্বাচন কমিশনার মোঃ শফিকুল ইসলাম জিতু ও মোঃ বায়েজীদ হোসেন।
তফসিল অনুযায়ী, ৫ ও ৬ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ, ৮ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ১০ অক্টোবর যাচাই-বাছাই এবং ১২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ১৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৯ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দফতর সম্পাদক, ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক এবং সাতজন নির্বাহী সদস্যসহ মোট ১৭টি পদে নির্বাচন হবে।
আচরণবিধি অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আনুষ্ঠানিক প্রচারণা করা যাবে না। ২৭ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত সব প্রচারণা বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো গেলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার নিষিদ্ধ করা হয়েছে। ভোটকক্ষে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশও নিষিদ্ধ।
তফসিল ঘোষণার পর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে নির্বাচনী তৎপরতা বেড়েছে। সম্ভাব্য প্রার্থীরা আলোচনা ও সমর্থন আদায়ে ব্যস্ত হয়ে উঠেছেন। দীর্ঘ অচলাবস্থার পর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাবে নতুন গতি ফিরবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।